জামালপুর প্রতিনিধি : জেলার মেলান্দহ উপজেলার সাবেক চেয়ারম্যান ফারহান জাহেদী সফেনসহ নয়জনকে আটক করেছে পুলিশ। এছাড়া তার পিস্তল জব্দ করা হয়েছে।
বুধবার রাত ১১টার দিকে জামালপুর ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক ও অস্ত্র জব্দ করা হয়।
জামালপুর পুলিশ সুপার নিজাম উদ্দিন জানান, মেলান্দহের সাবেক উপজেলা চেয়ারম্যান ফারহান জাহেদী সফেনের নামে পিস্তলটির লাইসেন্স বাতিল করে জামালপুর জেলা ম্যাজিস্ট্রেট। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও তিনি অস্ত্রটি জমা দেননি।
তবে কী কারণে তার লাইসেন্স বাতিল করা হয়েছে জানাতে পারেননি পুলিশ সুপার। এ সময় চেয়ারম্যানের সঙ্গে থাকা আরও ৮ জনকে আটক করে পুলিশ। জব্দ করা হয় তাদের বহনকৃত একটি মাইক্রোবাস।
স্থানীয় একটি সূত্র জানায়, উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে সাবেক কেন্দ্রীয় বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বাবা ও খাদ্য গোদামের ৪র্থ শ্রেণীর কর্মচারী শাহাজাহানকে মারধোরের ঘটনায় মেলান্দহ থানায় একটি মামলা হয়। ফলে ফারহান জেহাদী সফেনের পিস্তলের লাইসেন্স বাতিল করে দেয় জামালপুর জেলা ম্যাজিস্ট্রেট। দীর্ঘদিন অতিবাহিত হলেও পিস্তলটি জমা দেননি সাবেক উপজেলা চেয়ারম্যান ফারহান জেহাদী সফেন।

