পাঞ্জেরী ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে আলী আহসান মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজের প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত হরতালের কারণে দেশের কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তার স্বার্থে দেশের বিভিন্ন বিভাগীয় শহর থেকে শুরু করে উপজেলা পর্যন্ত অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে।
দেশের বিভিন্ন জেলা থেকে পাঠানো তথ্য নিয়ে হরতালের আরও সংবাদ:
গাজীপুর: জেলায় হরতাল ঢিলেঢালাভাবে চলছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে কোনো মিছিল, সমাবেশ দেখা যায়নি। নাশকতারোধে বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন ও র্যাবের টহল দেখা গেছে।
সকাল থেকেই বিভিন্ন রুটে বাস মিনিবাস চলাচল করছে। তবে দূরপাল্লার যানবাহন চলছে সীমিতভাবে। দোকানপাট, বিপনীবিতান খোলা রয়েছে।
এদিকে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে বুধবার রাতে টঙ্গী ও কাপাসিয়ায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা বিএনপি ও জামায়াতের কর্মী।
রাজশাহী: জেলায় হরতালের কোনো প্রভাব পড়েনি। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এ হরতাল শুরু হলেও দুপুর ১২টা পর্যন্ত কোথাও পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে মিছিলও হয়নি।
তবে হরতালে নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে জোরদার করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাজশাহীতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাখা হয়েছে গোয়েন্দা তৎপরতাও।
এদিকে, সকাল থেকে রাজশাহী-ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল করছে। তবে এর সংখ্যা অন্যদিনের তুলনায় কিছুটা কম। স্বাভাবিক রয়েছে আন্তজেলা রুটের বাস চলাচলও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহানগরের সাহেব বাজার জিরোপয়েন্ট, গোরহাঙ্গা রেলগেইট, শিরোইল বাস টার্মিনাল এলাকায় যানজট বাড়তে দেখা গেছে। এছাড়া সব ধরনের হালকা যানবাহন চলাচল করছে।
রাজশাহী রেলস্টেশন থেকে সকালে ঢাকাগামী আন্তনগর ট্রেন যথাসময়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। হরতালের কারণে নিরাপদ বাহন হিসেবে আজ ট্রেনে বাড়তি চাপ লক্ষ্য করা গেছে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদ জানান, হরতালে যেকোনো নাশকতা ঠেকাতে মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, আর্ম পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। নগরজুড়ে সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বাগেরহাট: দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের কোনো প্রভাব পড়েনি বাগেরহাটেও। নিরুত্তাপ হরতালে আগের মতোই জেলা ও উপজেলা শহরগুলেতে চলছে রিকশা, ভ্যান ও অটোরিকশা। খোলা রয়েছে ব্যাংক-বীমা, অফিস-আদলত ও শিক্ষা প্রতিষ্ঠান।
হরতালে যেকোনো ধরনের নাশকতা এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে চেকপোস্ট করে তল্লাশি করা হচ্ছে সন্দেহভাজনদের।
এদিকে জেলার কোথাও কোনো পিকেটিং বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। স্বাভাবিক রয়েছে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলাবন্দরে পণ্য বোঝাই ও খালাস কাজ। মংলা ইপিজেড ও শিল্পাঞ্চলে উৎপাদন চলছে স্বাভবিক গতিতে।
মংলাবন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার হাসান জানান, মংলাবন্দরে হরতালের কোনো প্রকার প্রভাব নেই। অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে বন্দরের সব কার্যক্রম।
বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (এএসপি) হায়াতুল ইসলাম খান জানান, হরতালের কোনো প্রভাব নেই বাগেরহাটে। জনজীবন স্বাভাবিক রয়েছে। যেকোনো সহিংসতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ঝিনাইদহ: এ জেলায়ও হরতালের কোনো প্রভাব পড়েনি। হরতাল সমর্থনে কোনো মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। সকাল থেকে ঢাকাসহ দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা গেছে। আন্তজেলার বিভিন্ন রুটেও চলছে বাসসহ বিভিন্ন যানবাহন।
এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের দোকাট-পাট খুলতে শুরু করেছে। জেলায় যেকোনো প্রকার নাশকতা এড়াতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে রাত ভর অভিযান চালিয়ে জেলার ৬টি উপজেলা থেকে ৪ জামায়াত নেতাকর্মীসহ বিভিন্ন মামালার মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
খুলনা: জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব পড়েনি খুলনায়। সকাল থেকে মহানগরী ও জেলার কোথাও হরতালের পক্ষে কোনো ধরনের মিছিল, পিকেটিং দেখা যায়নি। কোনো অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি।
সকাল থেকেই নগরীতে অন্যান্য দিনের মত স্বাভাবিকভাবেই হালকা যানবাহন চলাচল করছে। নগরীর সোনাডাঙ্গা ও রুপসা বাসটার্মিনাল থেকে আন্তজেলার বাস চলাচল করছে। রেল ও লঞ্চ চলাচলও স্বাভাবিক রয়েছে। তবে ঢাকাসহ দূরপাল্লার পরিবহন সীমিত আকারে চলাচল করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যানবাহনের সংখ্যা।
এদিকে হরতালে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে র্যাব, পুলিশের টহলের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের(মুখপাত্র) উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, হরতালে নাশকতা এড়াতে মহানগীতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে র্যাব, বিজিবির টহল চলছে। প্রস্তুত রয়েছে সাঁজোয়া যান।

