ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ঘোড়ামারা নামক স্থানে দুটি বাসের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- নাটোর জেলার এশা খাঁন (২৬), ফরিদপুর জেলার আলফাডাঙ্গা গ্রামের নুসরাত জাহান (১৮), ও ওমর আলী (৫০), খোদেজা ইসলাম (৪২), নাটোরের রহমান আলী (৩০), ঝিনাইদহ সদরের ঘোড়ামারা গ্রামের শাওন (৩০), ফাইমা খাতুন (৩৪), ঝিনাইদহের শেখপাড়ার বোয়ালীয়া গ্রামের সাইফুল ইসলাম (৫০), নওগাঁ জেলার দুর্গাপুর গ্রামের মছির হোসেনের ছেলে মহসিন আলী (২৩) ও ইউছুপ আলীর ছেলে ইছাহক আলী (৩০), রাজশাহী জেলার ইয়াকুব আলীর ছেলে বুরবুল হোসেন (২৩), ও জহর আলীর ছেলে নুরু শেখ (৩৫), নওগাঁ জেলার দুর্গাপুর গ্রামের আজিমের ছেলে জইনুদ্দিন (২৫), ফরিদপুরের আকবরের ছেলে জুয়েল (১৮) ও একই উপজেলার রোকনের ছেলে আবু হানিফ (১৮), মাগুরা জেলার ডহরশিংরা গ্রামের ইউনুস শেখের ছেলে কৌশিকসহ (১৭) মোট ৩০ জন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, রাজশাহী থেকে বরিশালগামী ফয়সাল পরিবহনের একটি বাস সদর উপজেলার ঘোড়ামারা নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী জনি পরিবহনের আর একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুটি বাসই রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ৩০ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

