গাজীপুর প্রতিনিধি : জেলার টঙ্গীতে সাজ্জাদ হোসেন বাদল (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় রাতেই সজীব ও নাঈম নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। এরপর রাতে ঢাকার উত্তরায় অবস্থিত রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত বাদল স্থানীয় আউচপাড়া মুক্তারবাড়ি সড়ক এলাকার মৃত আসাদ মিয়ার ছেলে।
বাদলের পরিবার থেকে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে বাদলকে স্থানীয় একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে আটক আসামিরা বাদলকে তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়। এরপর রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এরপর তাকে দ্রুত প্রথমে টঙ্গী ও পরে ঢাকার উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে তার ধারণা করছেন।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, এ ব্যাপারে রাতেই বাদলের মা সামসুন্নাহার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পরে হত্যার অভিযোগে সবুজ ও নাঈমকে আটক করা হয়।

