বগুড়া প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ শুনানিকে কেন্দ্র করে বগুড়া শহরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
মঙ্গলবার সকাল থেকে শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। তল্লাশি করা হচ্ছে সন্দেহভাজন ব্যক্তিদের। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবেলায় শহরের সাতমাথায় রায়ট কার ও জলকামান প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে নাশকতা বিরোধী গ্রেপ্তার অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে বগুড়ার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে সদর থানা পুলিশের একটি দল শহরের তিনমাথা এলাকার একটি ছাত্রবাস থেকে ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার অর্থ সম্পাদক আবু শাহীন মো. সোবাহান, শিবির কর্মী আতাউর রহমান ও মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান জানান, বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা মুজাহিদের রায়কে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে। এছাড়া গত রাতে নাশকতা বিরোধী গ্রেপ্তার অভিযানের অংশ হিসেবে ৩ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

