সাভার প্রতিনিধি : সাভারে ফের নিরাপত্তাকর্মী সেজে একটি পোশাক কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুটে নেয়। তাদের হামলায় কারখানার নিরাপত্তাকর্মীসহ অন্তত পাঁচ জন আহত হয়েছেন।
রোববার ভোরে সাভারের হোময়েতপুরের নিশিপাড়া এলাকায় খাজা ক্যাবল কারখানায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কারখানা পরিচালক রেজোয়ানুর রহমান, শামীম, হাসান, নাজমুল ও নজরুল।
এর আগে, সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় নিরাপত্তাকর্মীর চাকরি নিয়ে একটি পোশাক কারখানায় ডাকাতির ঘটনা ঘটে।
আহত নিরাপত্তাকর্মীরা জানান, হেমায়েতপুরে খাজা ক্যাবল কারখানার নিরাপত্তাকর্মী রুমানের কাছে শনিবার রাতে তার দুই বন্ধু বেড়াতে আসেন। ভোর ৪টার দিকে সবাই ঘুমিয়ে পড়লে রুমান ও তার সহযোগী দুই বন্ধুসহ আরও ১৫-১৭ জন ডাকাত একটি কভার্টভ্যান নিয়ে কারখানার ভেতরে প্রবেশ করে। কিছু বুঝে উঠার আগেই তারা কারখানার পরিচালক, তিন নিরাপত্তাকর্মী ও বাবুর্চিকে মারধর শুরু করে। এক পর্যায়ে তারা তাদের হাত-পা ও চোখ বেঁধে এক লাখ ৬০ হাজার টাকা এবং ৪৫ লাখ টাকার ক্যাবল ও ক্যাবল তৈরির কাঁচামাল নিয়ে পালিয়ে যায়।
রোববার সকালে কারখানার কর্মরত অন্য শ্রমিকেরা এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা লুন্ঠিত মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

