ফেনী প্রতিনিধি : ফেনীতে আজিজুল হক লিটন (৩০) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের উত্তর দমদমা হাফেজিয়া নুরানী মাদরাসা সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত লিটন ওই এলাকার ফরায়েজী বাড়ির আবদুল ওহাবের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।
নিহতের স্বজনরা জানান, শনিবার রাতে আজিজুল হক লিটন ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। সকালে স্থানীয়রা দমদমা হাফেজিয়া নুরানী মাদরাসা সংলগ্ন স্থানে গুলিবিদ্ধ অবস্থায় মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে মর্গে পাঠায়।
এলাকাবাসী জানান, নিহত লিটন রাজমিস্ত্রির কাজ করতেন। তিন বছর আগে স্ত্রী চলে যাওয়ার পর তিনি মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত হয়ে পড়েন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, লিটন শনিবার রাত ১১টার দিকে ঘর থেকে বের হয়ে তার চাচার কাছ থেকে পাঁচ টাকা নেন। এরপর থেকে তার আর কোনো খবর কেউ পায়নি। রাত আড়াইটার দিকে ওই এলাকায় একটি গুলির শব্দ হয়। পরে স্থানীয়রা ঘর থেকে বের হলেও লাশটি দেখতে পায়নি। সকালে মুসল্লিরা নামাজ পড়তে এসে লাশ দেখেতে পেয়ে তাদের খবর দেয়। বিষয়টি তারা তদন্ত করছেন।

