মাদারীপুর প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ভুরঘাটা মজিদবাড়ীর বিখ্যাত কুণ্ডুবাড়ী মেলায় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বাবা-ছেলেসহ কমপক্ষে ৯ জন গুরুতর আহত হয়েছে।
রোববার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মেলায় আশায় দর্শনার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতরা হলেন-বরিশালের আগৈলঝড়া উপজেলার গৈলা গ্রামের সিরাজ সরদার (৫০)ও তার ছেলে সুমন সরদার (২৬), সাহাদাত (২৫), হৃদয় (১৪), আসলাম (২৫) ও রুবেলসহ (৩০) কমপক্ষে ৯ জন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০ বছরের ঐতিহ্যবাহী পৌর এলাকার দক্ষিণ গোপালপুর কুণ্ডুবাড়ির মেলায় খেলনা বেলুন বিক্রির জন্য সিরাজ সরদার ও তার ছেলে সুমন সরদার সিলিন্ডার থেকে গ্যাস ভরতে থাকে। এ সময় হঠাৎ করে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে বাবা ও ছেলেসহ অন্তত ৯ জন আহত হন।
গুরুতর আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল সেবাচিম হাসপাতালেসহ বিভিন্নস্থানে ভর্তি করা হয়। এ ব্যাপারে কুণ্ডুবাড়ি মেলা কমিটির সভাপতি ভজন কুণ্ডু বলেন, ‘যে ঘটনাটি ঘটেছে আসলে খুব দুঃখজনক।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্দু বালা ঘটনার সত্যতা শিকার করে বলেন, ‘আহতদের কালকিনি হাসপাতালে ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

