দিনাজপুর প্রতিনিধি : জেলার খানসামায় বাল্যবিয়ের অভিযোগে বর আমিনুর ইসলাম (২২) এবং কন্যার মামা মোজাম্মেল হককে (৩৫) এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেবুর রহমান এ রায় দেন। এর আগে শুক্রবার রাত ১০টায় অভিযান চালিয়ে বিয়ের আসর থেকে তাদের আটক করে পুলিশ।
দণ্ডপ্রাপ্ত আমিনুর ইসলাম উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের মো. খাজির উদ্দিনের ছেলে এবং মোজাম্মেল হক জেলার বীরগঞ্জ উপজেলার নিজপাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার জানান, আমিনুর ইসলামের সঙ্গে একই উপজেলার হলদিপাড়া গ্রামের মো. কালিয়ার মেয়ে মোছা. কাবিনুর বেগমের (১৪) বিয়ে ঠিক হয়। শুক্রবার রাতে বিয়ের আয়োজন চলে। বিয়ের আয়োজন চলাকালে পুলিশ অভিযান চালায়। এ সময় বর ও কনের পরিবারের সবাই পালিয়ে গেলেও পুলিশ আমিনুর ও মোজাম্মেলকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের এক মাসের কারাদণ্ড দেন।
কাবিনুর খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী বলেও জানান তিনি।

