বরিশাল প্রতিনিধি : সদর উপজেলার তালতলি থেকে ৫টি ট্রলার ভর্তি ১৫ মণ জাটকাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল ৮টার দিকে তালতলি সংলগ্ন আড়িয়াল খা নদী থেকে তাদের আটক করা হয়।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, গত ১ নভেম্বর থেকে ৮ মাসের জন্য জাটকা ধরা ও বিক্রিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চলছে। কিন্তু কতিপয় অসাধু ব্যক্তি এ জাটকা ধরে বিক্রির জন্য তালতলী নিয়ে আসেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সকাল ৬টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রউফের নেতৃত্বে জেলা মৎস বিভাগ ও নৌ-পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়।
এ সময় ৫টি নৌকা ভর্তি ১৫ মণ জাটকা জব্দ ও দুইজনকে আটক করা হয়। আটকদের বরিশাল নৌ পুলিশের ফাঁড়িতে রাখা হয়েছে। পরবর্তীতে তাদের ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হবে।
আটক জাটকাগুলো সকাল ১০টার দিকে বরিশাল কেন্দ্রীয় কারাগার, শিশু সদনসহ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

