গাইবান্ধা প্রতিনিধি : দাম্পত্য কলহের জের ধরে গাইবান্ধার সুন্দরগঞ্জে ফরিদা আক্তার নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
শুক্রবার ভোরে উপজেলার তালুক সর্বানন্দ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নববধূ একই এলাকার ফুল মিয়ার মেয়ে। সে বাবার বাড়িতে থেকে জেএসসি পরীক্ষা দিচ্ছিল।
ফরিদা আক্তারের স্বজনরা জানান, পাঁচ মাস আগে ধোপাডাঙ্গা ইউনিয়নের থ্যালথ্যালার বাজারের ফিরোজ মিয়ার সঙ্গে ফরিদা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত। এক পর্যায়ে ফরিদা বাবার বাড়িতে চলে আসে। সে চলতি বছর জেএসসি পরীক্ষায় অংশ নেয়।
শুক্রবার ভোরে সবার অজান্তে গলায় ফাঁস আত্মহত্যা করে ফরিদা। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

