চুয়াডাঙ্গা প্রতিনিধি : সদর উপজেলার ভুলটিয়া গ্রামের নয়নাতলার মাঠে রবিউল ইসলাম রবি (৪০) নামে এক বিএনপি কর্মীকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশের ধারণা বৃহস্পতিবার রাতে তাকে খুন করা হয়েছে। নিহত রবি ঝিনাইদহের কালিগঞ্জের নলডাঙা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় বিএনপির দলীয় রাজনীতির সঙ্গে জড়িত চিলেন বলে জানান তার ভাই ।
এদিকে, শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশকে ঘিরে শতশত উৎসুক মানুষকে দেখা যায়। খবর পেয়ে বেলা ১০টায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
কুতুবপুর পুলিশ ক্যাম্পের এএসআই বায়েজিদ হোসেন জানান, সকাল ৭টায় প্রত্যক্ষদর্শীরা ক্যাম্পের খবর দিলে তিনি ঘটনাস্থলে যান। তার পরনে স্টাইপ শার্ট ,বাদামি রঙের গ্যার্ভাডিন প্যান্ট ও পায়ে স্যান্ডেল ছিল। নিহতের হাত ও চোখ বাঁধা ছিল। মাথায় গুলির চিহ্ন রয়েছে।
নিহতের বেয়াই ঝিনাইদহের আশরাফুজ্জামান জানান, চারদিন আগে আদালতে হাজিরা দিতে এসে রবিউল নিখোঁজ হন। এরপর আজ শুক্রবার সকালে লোকমুখে লাশ পড়ে থাকার খবরে লাশ শনাক্ত করা হয়।
চুয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) কামরুজ্জামান খান তার পরিয়চয় ও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

