দিনাজপুর প্রতিনিধি : জেলায় পরশ সাহা (৪) নামে এক শিশুর চোখ তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় কেতাব মোড় বড় কবরস্থান সংলগ্ন আমবাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত শিশু পরশ সাহা পৌর শহরের কাদিমনগর গ্রামের কেশব সাহার ছেলে।
এদিকে বিক্ষুদ্ধ এলাকাবাসী সন্দেহভাজন একই এলাকার গৌতম, আবু তালেব ও বুলেটের বাড়িতে অগ্নিসংযোগ করেছে।
ঘোড়াঘাট থানার এসআই মো. দুলাল হোসেন জানান, বুধবার বিকেলে শিশুটি খেলতে গিয়ে নিখোঁজ হয়। সম্ভাব্য সব স্থানে খোঁজ করে না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়। বৃহস্পতিবার সকালে ঘোড়াঘাটের কেতাব মোড় বড় কবরস্থান সংলগ্ন আমবাগানে স্থানীয় কৃষকরা শিশুর লাশ লাশটি দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়। শিশুটির দুই চোখ তুলে ফেলেছিল দুর্বৃত্তরা।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রোকসানা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে রওয়ানা হয়েছেন জেলা পুলিশ সুপার মো. রুহুল আমীন।
ঘোড়াঘাট থানার ওসি মো. নুরুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় রাতেই কাজিম নগর গ্রামের ইয়াহিয়া খানের ছেলে মো. জিল্লুর এবং মো. কামালের ছেলে মো. মামুন নামে দুই জনকে আটক করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সজাগ রয়েছে।

