মেহেরপুর প্রতিনিধি : সদর উপজেলার আশরাফপুর গ্রামে অভিযান চালিয়ে এলজি শার্টারগানসহ কালু মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে সদর থানা পুলিশের একটি দল নিজ বাড়ি থেকে তাকে আটক করে। আটক কালু মিয়া আশরাফপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, সম্প্রতি আশরাফপুর গ্রামের একটি ইটভাটায় সন্ত্রাসীদের গোপন বৈঠকে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও কয়েকটি বোমা উদ্ধার করা হয়েছিল। অভিযানে কেউ আটক না হলেও বৈঠককারীদের বিষয়ে নিশ্চিত হতেই কাজ করছিল পুলিশ। সন্দেহভাজন হিসেবে গতরাতে কালুর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় কালুর শয়নকক্ষ থেকে একটি এলজি শার্টারগানসহ তাকে আটক করা হয়।
আটকের বিরুদ্ধে অস্ত্র আইনে সদর থানায় মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

