নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে পুলিশের এক এএসআইয়ের মৃত্যু হয়েছে। তার নাম শফিকুল ইসলাম (২৯)। তিনি বিমানবন্দর জোনের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় বিমানবন্দর গোল চত্বরে এ ঘটনা ঘটে। তার বাবা মোজাম্মেল হকও একজন পুলিশ সদস্য। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তাদের বাড়ি। ঢাকার উত্তরখানের মুন্ডা হাবিবনগর এলাকায় তিনি থাকতেন।
জানা গেছে, এসএসআই শফিক রাত সাড়ে ১০টায় ডিউটি শেষ করে বিমানবন্দর গোল চত্বর থেকে বাসায় ফেরার জন্য গাড়িতে উঠার চেষ্টা করছিলেন। এ সময় বলাকা সার্ভিস ও সুপ্রভাত পরিবহনের মাঝখানে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বিমানবন্দর থানা তার লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠায়।
সহকর্মী মোহাম্মদ আলী জানান, শফিক ২০০৫ সালে কনস্টেবল হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। গত ২৬ অক্টোবর তিনি এএসআই পদে পদোন্নতি পান। তিনি সম্প্রতি এলএলবি শেষ করে বিসিএস পরীক্ষা দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তার স্ত্রীর নাম জান্নাতুল মাওয়া। আকিব আইসান নামে তার ৫ মাসের এক ছেলে রয়েছে।

