চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের কর্ণফুলি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (কেইপিজেড) ট্রেনডেক্স ফার্নিচার নামে একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে কি কারণে আগুনের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।
প্রতক্ষ্যদর্শী বাংলাদেশ পাওহাং ইন্ডাস্ট্রি’র কর্মকর্তা খালেদ খান বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ আমাদের পার্শ্ববর্তী ফার্নিচার কারখানা ট্রেনডেক্সে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে ওই কারখানা ও আমাদের আগুন নির্বাপক ব্যবস্থা দ্বারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়, পরে ফায়ার সার্ভিসের গাড়ি এসে সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।’
ঘটনাস্থলে থাকা ইপিজেড ফায়ার স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর বাহার উদ্দিন বলেন, ‘ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের (আগ্রাবাদ, ইপিজেড ও বন্দর) ছয়টি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। হতাহতের কোনো ঘটনা নেই, তবে এখনো আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপণ করা সম্ভব হয়নি। এখন দুর্ঘটনা পরবর্তী উদ্ধার তৎপরতা ও ডাম্পিংয়ের কাজ চলছে।’

