পাবনা প্রতিনিধি : সদর উপজেলার দোগাছীতে ১০ মাসের এক শিশু সন্তানকে গলাটিপে হত্যা করে আত্মহত্যা করেছেন গর্ভধারিনী মা।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দোগাছী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিপাড়া বাঁশবাজার গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে ওই গ্রামের জালালের স্ত্রী পলি খাতুন (২০) তার ১০ মাসের শিশু জুবায়েরকে গলাটিপে হত্যা করে লেপের মধ্যে লুকিয়ে রাখেন। পরে পলি নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকাল ৯টার দিকে স্বামী জালাল বাড়িতে খাওয়ার জন্য যান। তিনি স্ত্রীকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকেন। এ সময় তিনি স্ত্রী ও সন্তানকে মৃত অবস্থায় দেখতে পান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল আহসান ও দোগাছী ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

