ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আশুগঞ্জে শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তাই তাকে অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল করেছে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থী ও এলাকাবাসীরা।
রোববার সকালে উপজেলার খোলাপাড়া বাজার থেকে ঝাড়ু মিছিলটি শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। এ সময় সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন- বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্য খলিলুর রহমান, আবুল বাসার, মোজাম্মেল হক তপন, দুলাল চৌধুরী, আবু নাছেরসহ স্থানীয় এলাকাবাসী। পরে তারা প্রধান শিক্ষক খোরশেদ আলমের কুশপুতুল আগুনে পোড়ান।
সমাবেশে বক্তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলমকে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন। অবিলম্বে তাকে প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে জানান তারা।

