লাইফস্টাইল ডেস্ক : স্বাস্থ্য সচেতন আর ফ্যাশন সচেতন যাই বলুন না কেন, যাদের রোদচশমা পরার অভ্যাস আছে তারা সব সময় এটাকে সঙ্গে রাখেন। গরমের সময় অবশ্য রোদ ঠেকাতে ছাতার ব্যবহার বেশি চলে। তাই কেউ কেউ রোদচশমাকে এড়িয়ে যান। অপরদিকে শীতের রোদ মিষ্টি লাগে। এই রোদে ক্ষতিকর প্রভাব বেশি থাকলেও অনেকেই দিব্যি গায়ে লাগিয়ে ঘুরে বেড়ান। কিন্তু চোখের যত্ন আর শীতের বাহারি কাপড়ের সঙ্গে মানানসই ফ্যাশন ধরে রাখতে রোদচশমা ব্যবহার করতে ভোলেন না। অনেকে আবার প্রতিবছর শীতের শুরুতে কিনে নেন পছন্দের রোদচশমা। এটি এমনই এক ফ্যাশন অনুষঙ্গ, যা চোখজোড়াকে রোদের কবল থেকে রক্ষা করার পাশাপাশি লুকেও আনে স্টাইলিশ আমেজ। বাজার ঘুরলেই পাওয়া যাবে বাহারি রোদচশমার খোঁজ। শুধু আপনার মুখের গড়ন ও গায়ের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে বাছাই করতে হবে কোন রোদচশমা বা সানগ্লাস আপনার জন্য উপযোগী। আসুন জেনে নেওয়া যাক রোদচশমা কেনার কিছু প্রয়োজনীয় টিপস।
– আপনার মুখটা যদি গোলগাল আকৃতির হয় তবে গোলাকৃতির ফ্রেম না পরে বরং ক্যাটস আই কিংবা এভিয়েটর ফ্রেমের চশমা বেছে নিতে পারেন। চোখের ভ্রু খানিকটা ঢেকে রাখে, এমন সানগ্লাস আপনার গোল চেহারাকে কিছুটা হলেও লম্বাটে দেখাবে। আয়তাকার, কোণযুক্ত বালকা ফ্রেমের রোদচশমা ব্যবহার করতে পারেন। মনে রাখতে হবে, গোলাকৃতি ফ্রেমের ছোট লেন্সযুক্ত সানগ্লাস পরা চোখের জন্য নিরাপদ নয়।
– মুখ ডিম্বাকৃতি বা পানপাতার আকৃতির হলে মানিয়ে যাবে গোল ফ্রেমের রোদচশমা। চারকোণা ফ্রেমের কোণাটা কিছুটা গোলাকৃতি এমন চশমা ও মানিয়ে যাবে এমন চেহারার সঙ্গে।
– যাদের হার্ট শেপ চেহারা, তাদের কপাল চওড়া এবং চোয়াল সরু থাকে। এজন্য এমন রোদচশমা বেছে নিতে হবে যা মুখ আর কপালের মাঝে সামঞ্জস্য বজায় রাখতে পারে। ক্যাট আই, স্পোর্কি টাইপের রোদচশমা বেশ মানিয়ে যায় এই চেহারার সঙ্গে।
– চতুর্ভুজাকৃতি চেহারার অধিকারীদের তীক্ষ্ণ কোণবিশিষ্ট ফ্রেমের পরিবর্তে বালকা ক্লাসিক ডিম্বাকৃতির রোদচশমা মানাবে। গোলকৃতির ফ্রেম সংকীর্ণ চিবুক এবং উচু কপালের মধ্যে সামঞ্জস্য বজায় রাখে।
– বর্গকৃতির চেহারায় মেটালিক ফ্রেম অথবা গ্লাসের নিচের অংশ রিম লেস সানগ্লাস মানিয়ে যায়। লম্বা মুখের সঙ্গে গোলাকৃতির রোদচশমা ভালো দেখায়। তবে খেয়াল রাখতে হবে, রোদচশমার ফ্রেম যেন খুব ছোট না হয়।
রোদচশমায় এখন চোখ ধাঁধানো রঙলো খুব ট্রেন্ডি। সবুজ, নীল, গোলাপী এমন কি কমলার মতো গাঢ় রঙ এর রোদচশমার গ্লাস নজরে পড়ছে। দেখা যাচ্ছে কয়েক শেডের ব্যবহার। কিন্তু তাই বলে যে কোনো একটা রঙ বেছে নিলে হবে না। গায়ের রঙ এর সঙ্গে মিল রেখে গ্লাসের রঙ বাছাই করা জরুরি। উজ্জ্বল শ্যামলা গায়ের রঙের সঙ্গে স্বচ্ছ নীল, সবুজ ফ্রেম সবচেয়ে ভালো মানায়। ব্রাউন রঙ এর গ্লাসও মানিয়ে যায়। একদম ফর্সা ত্বকের অধিকারিরা লাইট ব্রাউন অথবা গোলাপি শেডের সানগ্লাস ব্যবহার করতে পারেন। আর যাদের গায়ের রঙ চাপা, তাদের মুখের সঙ্গে মেটালিক ফ্রেম, হালকা বাদামি রঙের সানগ্লাস মানিয়ে যায়। তবে তারা কালো গ্লাস ব্যবহার না করাই ভালো। এতে গায়ের রঙ আরোও কালো দেখাবে।

