নিজস্ব প্রতিবেদক : দেশে সংঘটিত জঙ্গিহামলা প্রতিরোধে সব প্রগতিশীল শক্তির ঐক্য কামনা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ‘জেল হত্যা দিবস’ উপলক্ষে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ ঐক্যের কথা বলেন।
হাছান বলেন, ‘রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্যই পুলিশের ওপর হামলা চালানো হচ্ছে। এর আগে প্রকাশক ও ব্লগার হত্যা, তাজিয়া মিছিলে হামলা করে হত্যা এবং দুই বিদেশিকে হত্যা করা হয়। এসব হামলা এবং হাত্যাকাণ্ড এক সূত্রে গাঁথা। খালেদা জিয়া বিদেশে বসে এসব হামলা করাচ্ছেন।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া লন্ডনে বসে বিভিন্ন নেতার সঙ্গে আলোচনা করে তাদের মন জয় করার চেষ্টা করছেন। আর তার ছেলে তারেক রহমান বিশ্বের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। এর ফলশ্রুতিতেই এসব হামলা হচ্ছে।’
সাম্প্রতিক হামলাগুলোর সঙ্গে তারেকের সে যোগাযোগের যোগসূত্র আছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রকাশক ও ব্লগারদের ওপর হামলাকে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং ভাষার ওপর হামলা উল্লেখ করে হাছান আরো বলেন, ‘মোনায়েম খা ও নুরুল আমিনরা স্বাধীনতার আগে যেভাবে আমাদের ইতিহাস, ঐতিহ্য ও ভাষার ওপর হামলা করেছিল, তাদের পরবর্তী প্রজন্ম এখন একইভাবে সেই হামলা চালাচ্ছে। আর সেই মোনায়েম খা ও নুরুল আমিনদের পরবর্তী প্রজন্মকে নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া।’
বাংলাদেশের ভাষা, ইতিহাস ও ঐতিহ্যের ওপর এসব হামলা প্রতিরোধে প্রগতিশীল সব শক্তিকে একত্রিত হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ফয়েজ উদ্দীন মিয়া প্রমুখ।

