লাইফস্টাইল ডেস্ক : ত্বকের যত্ন আর সাজ পোশাকে আপনি খুব এগিয়ে। অথচ হাত-পায়ের নখের যত্নের ব্যাপারে একদমই উদাসীন। কোনো অনুষ্ঠান বা বন্ধুদের সঙ্গে আড্ডায় উপস্থিত হলেন ব্যক্তিত্বসম্পন্ন আপনি। কিন্তু অগোছালো হাত পা-ই যথেষ্ট আপনার সম্পূর্ণ প্রচেষ্টাকে মাটি করে দিতে। কারণ অগোছালো নখ আপনার সঙ্গে মোটেও মানানসই নয়। এমনকি এটা আপনার অজ্ঞতারও পরিচয় দিতে পারে। এটি সৌন্দর্যহানীর সঙ্গে অস্বাস্থ্যকরও বটে। সেজন্য নেয়া চাই নখের সঠিক যত্ন।
নখের পরিষ্কার-পরিচ্ছন্নতা
নখ পরিষ্কার রাখা খুবই সহজ। এর জন্য ভালো মানের হ্যান্ডওয়াশ ব্যবহার করতে হবে। যেকোনো কাজ করার পরেই হাতের নখের ময়লাগুলো আলতো করে পরিষ্কার করে নিন। বেশি চাপ প্রয়োগ করবেন না। অনেক সময় দৈনন্দিন কাজে নখ এবং এর আশেপাশের ত্বকে দাগ পড়ে যায়। এই দাগ দূর করতে উষ্ণ গরম পানিতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে হাত ডুবিয়ে রাখুন। লেবুর রস দাগ দূর করবে আর আপনার নখের সৌন্দর্যও বৃদ্ধি করে। পায়ের নখ পরিষ্কার করতে একটি সুতি কাপড়ে সবান পানি দিয়ে ঘষুন। এই সৌন্দর্য ধরে রাখতে প্রতিদিন গোসলের সময় নখ পরিষ্কার করা উচিৎ। তাছাড়া অন্যান্য সময় ধুলা বা ময়লা লাগলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ধুয়ে ময়েশ্চারাইজার লাগাতে হবে। নখের পূর্ণ যত্নে সপ্তাহে একবার মেনিকিউর-পেডিকিউরও করা ভালো।
নখের কোমলতা
নখ পরিষ্কার করার পর একটি তোয়ালে দিয়ে নখে জমে থাকা পানি পরিষ্কার করুন। নখে পানি জমে থাকলে তা থেকে ইনফেকশন হতে পারে। এবার ভালো মানের ময়শ্চারাইজিং ক্রিম নখ এবং এর আশপাশের ত্বকে লাগিয়ে ম্যাসাজ করতে হবে। এতে আপনার নখের চারপাশের ত্বক কোমল থাকবে। হাতের নখের জন্য অলিভ অয়েল, এলমন্ড কিংবা ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন।
নখের সুস্বাস্থ্য
আপনার সুন্দর নখ প্রকাশ করে আপনার ব্যক্তিত্ব এবং সুস্বাস্থ্য। যদি নখ হয় কোমল, মসৃণ এবং গোলাপী তাহলে বোঝা যাবে আপনার শরীরও সুস্থ্য আছে। ভাঙা, বিবর্ণ এবং দাগযুক্ত নখ কোন রোগ বা শারীরিক ভারসাম্যহীনতার চিহ্ন বহন করে। বেশি করে ভিটামিন এবং প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন দুগ্ধজাত খাদ্য, ফল-মূল, শুষ্ক ফল এবং সবুজ শাক-সবজি খেলে শরীরের সাথে সাথে নখও কোমল, মসৃণ এবং উজ্জ্বল থাকবে।

