নিজস্ব প্রতিবেদক : সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেছেন, ‘দেশে নারীশ্রমিকের কাজের মূল্য অনেক কম। নারী ও পুরুষ শ্রমিকদের মধ্যে বৈষম্যও বেশি। ফলে, কর্মজীবী নারীরা শ্রমের ন্যায্য মূল্য পাচ্ছে না।’
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ট্রেড ইউনিয়নকে কার্যকর করতে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশে নারীশ্রমিকের মূল্য অনেক কম। উৎপাদিত পণ্যের দাম দেয়া হলেও এর পেছনে নারীশ্রমিকের শ্রমের মূল্য না দেয়ায় সমাজে তাদের ন্যায্যমূল্য প্রতিষ্ঠা পাচ্ছে না। নারীরা শ্রমের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ায় নারী ও পুরুষ শ্রমিকদের মধ্যে বৈষম্যের মাত্রা অনেক বেশি।’
রাজেকুজ্জামান রতন বলেন, ‘ন্যায্যমূল্য প্রতিষ্ঠিত না হলে, কর্মক্ষেত্রে ৮ ঘণ্টা শ্রমের সময় সূচিও প্রতিষ্ঠিত হবে না।’
আলোচনা সভায় বিটসের সহকারী নির্বাহী পরিচালক সুলতান উদ্দিন আহমদ বলেন, ‘নারীরা গার্মেন্টসসহ বিভিন্ন সেক্টরে তাদের শক্ত নেতৃত্ব তৈরি করেছেন। তারপরও নানা বাধার মুখে পড়ছে তারা।’
বক্তারা বলেন, কর্মজীবী নারীদের বিভিন্ন সমস্যা সমাধানে গণমাধ্যমকে বিশেষ ভূমিকা রাখতে হবে। গণমাধ্যমে প্রকাশ না পেলে নারীদের সমস্যগুলো দেশ-বিদেশে ত্বড়িৎগতিতে পৌঁছতে পারবে না। সেজন্য গণমাধ্যমকর্মীদের ওৎ পেতে থাকতে হবে।’
আয়োজক সংগঠনের সহসভাপতি উম্মে হাবিবার সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন- জাগো বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি বাহারে সুলতান বাহার, গার্হস্থ কর্মজীবী নারীর সাধারণ সম্পাদক মুর্শিদা আক্তার আঁখি, গণমাধ্যমকর্মী এহসানুল হক জসিম প্রমুখ।

