কুষ্টিয়া প্রতিনিধি : বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেছেন, ‘বিএনপি একটি বৃহৎ দল। নারীরাই বেশি ভোট ব্যাংকের মালিক। তারাই বেশি বিএনপিকে ভালোবাসে।’
সোমবার বিকেলে শহরের রজনীগন্ধ্যা গেস্ট হাউজে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, ‘দেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানকে রাজনীতি থেকে বিরত রাখার জন্যই বিভিন্ন সময়ে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। শুধু তাই নয় দেশের অনেক বিএনপি নেতাকর্মীদেরও মিথ্যা, হয়রানি ও প্রহসনমূলক মামলা দিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে দুরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
স্বাধীনতা যুদ্ধে নারীদের অগ্রণী ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘পুরুষদের পাশাপাশি নারীরাও আন্দোলন সংগ্রামে সে সময় ঝাঁপিয়ে পড়েছিল। আর তাই তাদের বাদ রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়।’
দেশের আরেকটি যুদ্ধ শুরু হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেত্রী বলেন, ‘গণতন্ত্রকে নিস্তব্ধ করতে সরকার যেভাবে উঠে পড়ে লেগেছে এর থেকে বেরিয়ে আসতে নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
কুষ্টিয়া জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত কর্মী সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নার্গিস আলী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।
এতে অন্যন্যের মধ্যে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম-সম্পাদক হালিমা আলী, সাংগঠনিক সম্পাদক ফিরোজা বুলবুল কলি, ঢাকা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন লুলু, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা মহিলা দলের সভাপতি সৈয়দা ফাহিমা রুমী প্রমুখ।

