টাঙ্গাইল প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হলে পরিবারের মধ্যে রক্তারক্তি ও মারামারি হবে। এটি সরকারের দুরভিসন্ধি, পুণরায় ক্ষমতায় যাওয়ার নীল নকশা।’
সোমবার দুপুরে টাঙ্গাইলের ভাসানী হলে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হোসেনি দালানে বোমা বিস্ফোরণ ও দুই বিদেশি হত্যাসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরে এরশাদ বলেন, ‘যে দেশে পুলিশের নিরাপত্তা নেই। সে দেশে সরকার মানুষের নিরাপত্তা দেবে কিভাবে।’
সম্প্রতি টিআইবির প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি-আওয়ামী লীগের কোনো সংসদেই বিরোধী দল ছিল না। প্রথমবারের মত আমরা সংসদে যাচ্ছি এবং সরকারের সমালোচনা করছি।’
জপা সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘জাতীয় পার্টির সময়ে দেশের উন্নয়ন হয়েছে। দুর্নীতি হয়নি। এখন দেশের মানুষ শান্তিতে নেই। মানুষ মুক্তি চায়।’
এ সময় একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবিও জানান সাবেক এই সেনা শাসক।
টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহম্মেদ বাবলু, পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোজাম্মেল হক প্রমুখ।

