নিজস্ব প্রতিবেদক : আগামী ২৭ অক্টোবর যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
রোববার দুপুরে যুবদলের দপ্তর সম্পাদক কাজী রফিক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
কর্মসূচির মধ্যে থাকছে- ২৭ অক্টোবর সকাল ৬টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন। একই দিন সকাল ১০টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত ও সমাধিস্থলে পুস্পার্ঘ্য অর্পণ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
এছাড়া ২৯ অক্টোবর ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব সারাদেশের সংগঠনের নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে পালন করার জন্য আহ্বান জানিয়েছেন।

