পাঞ্জেরী ডেস্ক : যুক্তরাষ্ট্রে সফররত বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন- ‘অর্ধশিক্ষিত, মাস্তান আর ভবঘুরেরাই এখন আওয়ামী লীগের রাজনীতি করছেন। বর্তমানে শিক্ষিত ও ভদ্রলোকেরা কেউ আওয়ামী লীগের রাজনীতি করেন না। এখন যারা এ দল করছেন তারা দেশের সাধারণ মানুষের কথা চিন্তা না করে নিজেদের আখের গোছানোর জন্যই ব্যস্ত।’
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার কারাদণ্ডাদেশের প্রতিবাদে গত শুক্রবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
খোকন বলেন, ‘বর্তমানে দেশে বিএনপিকে কোনো রাজনীতি করতে দিচ্ছে না এই জালিম সরকার। অকারণে বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতন আর পদে পদে মামলা দিয়ে হয়রানী করছে। এসব কারণে বিএনপি এখন দুর্বল হয়ে পড়েছে। তবে তার চেয়েও ক্ষমতাসীন আওয়ামী লীগ আরো বেশি দুর্বল। এ দলটি এখন আদর্শচ্যুতদের আশ্রয়স্থলে পরিনত হয়েছে।’
সংবাদ সম্মেলনে বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সালাম বলেন, ‘বাংলাদেশে এখন আইনের সকল দরজা বন্ধ। মিডিয়ার কণ্ঠরোধ করে রাখা হয়েছে। সরকারের অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করলেই মিথ্যা মামলায় গ্রেপ্তার অথবা গুম করা হচ্ছে। দেশের এই অবস্থায় প্রবাসে বিএনপি নেতাকর্মীদের সোচ্চার হওয়ার জন্য তিনি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে সাজানো মামলায় পরিকল্পিত কারাদণ্ডাদেশের তীব্র প্রতিবাদ জানান। তবে ওই সংবাদ সম্মেলনে সাদেক হোসেন খোকা উপস্থিত থাকার কথা থাকলেও অজ্ঞাত কারণে যোগ দেননি।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, শরাফত হোসেন বাবু, সোলায়মান ভুইঁয়া, আকতার হোসেন বাদল, অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, গিয়াস উদ্দিন, জসীম উদ্দিন ভূইয়া, গোলাম ফারুক শাহীন, এবাদ চৌধুরী, হাবিবুর রহমান সেলিম রেজা, আব্বদুল খালেক আকন্দ, অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, জাকির এইচ চৌধুরী, জসীম উদ্দিন, আব্দুল আহাদ, বিলাল চৌধুরী, আবুল কাশেম, আতাউর রহমান আতা ও মাজহারুল ইসলাম জনি প্রমুখ।

