মাদারীপুর প্রতিনিধি : তফসিল ঘোষণা না হলেও আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে ৭ জন সম্ভাব্য মেয়র প্রার্থীরা ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন।
পৌর সভার রাস্তার মোড়ে-মোড়ে এমনকি অলিগলিতে ডিজিটাল ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। লক্ষ করা গেছে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মেয়র প্রার্থীরা অংশগ্রহণের পাশাপাশি ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্নধর্মীও তৎপরতাসহ দলীয় মনোনয়নের আশায় জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলছেন। প্রার্থীদের এমন তৎপরতার ফলে ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
জানা গেছে, আগামী ডিসেম্বরে প্রথম ধাপে পৌরসভার নির্বাচন হওয়ার কথা রয়েছে। প্রথম ধাপের নির্বাচনে কালকিনি পৌরসভাও রয়েছে। সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন এই নির্বাচনে দলীয় প্রতীকের মাধ্যমে অনুষ্ঠিত হবে। তাই নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য মেয়র প্রার্থীরা গণসংযোগ শুরু করেছেন এবং দলীয় মনোনয়ন লাভের আশায় নেতাদের কাছে ধরনা দিচ্ছেন। কে পাবেন দলীয় মনোনয়ন সেটি চূড়ান্ত না হলেও সব প্রার্থীই দলীয় মনোনয়ন পাওয়ার আশায় নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবারের নির্বাচনী মাঠে আ.লীগের ও বিএনপির একাধিক প্রার্থী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। এর মধ্যে আ.লীগের ৫ জন ও বিএনপির ২ জন গণসংযোগ চালাচ্ছেন।
নির্বাচন কমিশন কর্তৃক জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ায় তারা দলীয়ভাবে নির্বাচন করতে পারবেন না। কিন্তু স্বতন্ত্র হিসেবে প্রচার প্রচারণা এখন পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না। কিন্তু এক সময় এ উপজেলা জাতীয় পার্টিও ঘাঁটি শক্ত থাকলেও বর্তমানে নাজুক।
আ.লীগের সম্ভাব্যময় প্রার্থী হিসেবে কেন্দ্রীয় আ.লীগের উপকমিটির সহ-সম্পাদক ও সাবেক ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোহেল রান মিঠু, সাবেক পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র এনায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক বিআরডিবির চেয়ারম্যান মশিউর রহমান সবুজ, জেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. লোকমান হোসেন ও কালকিনি সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ।
বিএনপির সম্ভাব্যময় প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন মুন্সি ও উপজেলা ছাত্রদলের সভাপতি অহেদুজ্জামান আবদুল হাই।
এবারের নির্বাাচনে এ সব প্রার্থীকে নিয়ে পাড়া মহল্লায় এবং চায়ের দোকানে চলছে বিচার বিশ্লেষণ। এদের মাঝে কে হবেন পৌর পিতা। কোন দল থেকে কে পাবেন মনোনয়ন- এ সব বিষয় নিয়ে এখন আলোচনার ঝড় বইছে।
সম্ভাব্য মেয়র প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে দৃষ্টি আর্কষণ করতে বিভিন্ন উন্নয়নের বাণী শোনাচ্ছেন। রাস্তাঘাট, বিদ্যুৎ, পানি নিষ্কাশন ও সরবরাহ এবং মাদকমুক্ত পৌরসভাসহ নানা ধরনের জনকল্যাণমূলক কাজের প্রতিশ্রুতি দিচ্ছেন।
অন্যদিকে, পৌরসভার সচেতন মহল মনে করছেন এ পৌরসভায় আ.লীগই আ.লীগের মূল প্রতিদ্বন্দ্বি। এছাড়া মনে করছেন দলীয় মনোনয়নের ওপরেই বিরাজ করছে জয়-পরাজয়।
এ ব্যাপারে কালকিনি পৌর আওয়ামী লীগের সভাপতি জি এম দেলোয়ার হোসেন বলেন, ‘এ নির্বাচনে প্রতীক বরাদ্দের বিষয় এখন পর্যন্ত আমার কাছে কোনো সিদ্ধান্ত পৌঁছায়নি। তবে দল থেকে কোনো চিঠি আসলে বলতে পারবো আওয়ামী লীগের প্রতীক কে পাবে।’
এ ব্যাপারে কালকিনি পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান বলেন, ‘বর্তমান সরকার পৌরসভা নির্বাচনে যে প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে এটা সম্পূর্ণ বাকশাল কায়েম নয়া কৌশল।’

