নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৪ (কালিহাতি) উপনির্বাচনে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও স্ত্রী নাসরিন সিদ্দিকীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নির্বাচন কমিশন (ইসি) বহাল রাখায় কমিশনের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন কাদের সিদ্দিকী।
সোমবার বিকেলে রাজধানীর মতিঝিলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি মামলার করার এ সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল রোববার বেলা সোয়া ১১টায় ইসির কনফারেন্স রুমে কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকীর উপস্থিতি প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ এক শুনানি করেন। বিরতির পর বিকেলে ইসিতে আপিল আবেদনের শুনানির রায় হয়। রায়ে কাদের সিদ্দিকী এবং তার স্ত্রীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়।
এবিষয়ে ইসির জনসংযোগ বিভাগের পরিচালক এসএম আসাদুজ্জামান আরজু সাংবাদিকদের বলেন, ‘টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে কাদের সিদ্দিকী ও নাসরিন সিদ্দিকীর মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তার রায় বহাল রাখা হয়েছে।’
প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকালে ঋণ খেলাপির দায়ে তাদের দু’জনের মনোনয়নপত্র বাতিল করেন। এরপর গত শুক্রবার এ দুই প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেন। কিন্তু ইসির আপিল বিভাগ গতকাল রোববার এ দুই প্রার্থীর উপস্থিতিতে শুনানি করে মনোনয়নপত্র বাতিলের রায় বহাল রাখে।

