সিলেট প্রতিনিধি : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল মান্নান বলেছেন, ‘বিদেশি নাগরিক হত্যাসহ বিভিন্ন ইস্যুতে বিএনপি সরকারকে তাদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানায়। কিন্তু তাদের সঙ্গে কিসের আলোচনা? তারা তো সরকারে নেই, বিরোধীদলে নেই। তাদের সঙ্গে সরকার কেন আলোচনা করবে?’
মন্ত্রী আরো বলেছেন, ‘একটি গোষ্ঠী বোমা মেরে মানুষ হত্যা করে দেশে ধর্ম প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু বিশৃঙ্খলা করে মানুষ হত্যা করে ধর্ম প্রতিষ্ঠা করা যায় না।’
শনিবার সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজিস্থ একটি কমিউনিটি সেন্টারে বিশ্বনাথের প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিশ্বনাথনিউজ২৪ডট কমের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারাই জড়িত তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।’
এ সময় তিনি সততা, নিষ্ঠা,আন্তরিকতা আর দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করে যাওয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সিলেট-২ আসনের সাংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেন, ‘সাংবাদিকরা সমাজের বিবেক, জাতির বিবেক। তাদের লেখনীর মাধ্যমে সমাজ থেকে সকল অন্ধকার দূরীভূত হয়। তারা সমাজের সমস্যাগুলো কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে এনে সমাধানের জন্য অগ্রণী ভূমিকা রাখেন।’
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এবং নিউজ পোর্টালটির নির্বাহী সম্পাদক তজম্মুল আলী রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পোর্টালটির সম্পাদক এমদাদুর রহমান মিলাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর বিশ্বনাথ প্রতিনিধি প্রনঞ্জয় বৈদ্য অপু, দৈনিক মানবকণ্ঠের বিশ্বনাথ প্রতিনিধি মোহাম্মদ আলী শিপন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এ কে এম দুলাল ও দৈনিক ইত্তেফাকের জগন্নাথপুর প্রতিনিধি আবদুল হাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর একান্ত সহকারী আবুল হাসানাত, যুক্তরাজ্য প্রবাসী আবদুর রকিব, বিশ্বনাথনিউজ২৪ডট কমের ব্যবস্থাপনা সম্পাদক রফিকুল ইসলাম কামাল, স্টাফ রির্পোটার নূর উদ্দিন, অসিত রঞ্জন দেব, জামাল মিয়া, আবুল কাশেম প্রমুখ।

