নিজস্ব প্রতিবেদক : দল পুনর্গঠনের প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই সারাদেশে সরকার ত্রাস সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান।
মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে শাহজাহান বলেন, ‘বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার এবং নির্যাতন -নিপীড়ন চালিয়ে দেশের বৃহত্তম রাজনৈতিক দলকে কোনক্রমেই ধ্বংস করা যাবে না।’
তিনি বলেন, ‘দল পুনর্গঠনে বাধাগ্রস্তের অংশ হিসেবেই নোয়াখালীর সুবর্ণচর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া, নোয়াখালী জেলা সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান এবং নোয়াখালী জেলা সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে কোন মামলা বা পরোয়ানা না থাকলেও তাদের বাসায় পুলিশ দিয়ে তল্লাশি চালানো হয়েছে।’
তিনি বলেন, ‘মিথ্যা মামলায় হয়রানি, বেআইনি পদক্ষেপ সরকারের অপশাসনেরই ধারাবাহিকতার একটি অংশ।’
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির যুগ্ম মহাসচিব।

