সিলেট প্রতিনিধি : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া নারী ও শিশু নির্যাতন মামলার আসামি সামাদ রাব্বানীকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোর রাতে হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চামকা।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের মাধবপুর এলাকার একটি বাড়ি থেকে সামাদকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি কোম্পানিগঞ্জের সামাদ রাব্বানীকে গত মঙ্গলবার অসুস্থ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি হাসপাতালের ৪র্থ তলার ৪নং ওয়ার্ডে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন ছিল।
শনিবার রাত ২টায় হাসপাতালের শৌচাগারের ভেনটিলেটর ভেঙে সামাদ রাব্বানী (২৬) নামের ওই আসামি পালিয়ে যান।
এ ঘটনায় দায়িত্বরত তিন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন- সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সগীর মিয়া।
তিনি জানান, কয়েদী পালানোর ঘটনায় দায়িত্বরত দুই পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। আর ওসমানী হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাদি হয়ে একটি বিভাগীয় মামলা করেছেন। এছাড়াও পাশাপাশি কয়েদী পালানোর ঘটনায় কোতোয়ালি থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানান সগীর।

