চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর কোতোয়ালী থানার জামাল খান ওয়ার্ডের রাবেয়া রহমান লেনের একটি ফ্ল্যাট বাসায় বড় ভাই সোহেল চৌধুরীকে (৩৫) কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। পরিবারের দাবি, কলেজে যেতে বলায় ক্ষিপ্ত হয়ে ছোট ভাই রায়হান চৌধুরী ছুরিকাঘাত করে এ হত্যা করেছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে রাবেয়া রহমান লেনের গোলাম কিবরিয়া ভবনে এ ঘটনা ঘটে। পুলিশ দুপুর ১টার দিকে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, নিহত সোহেল চৌধুরী পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। তার বাবার নাম সিরাজল্লাদৌলা চৌধুরী। বাবা-মা ও আরো দুই ভাইয়ের সঙ্গে স্ত্রী ও কন্যান নিয়ে রাবেয়া রহমান লেনের নিজস্ব (৮৮৮/এ) পাঁচতলা ভবনের ৪ তলার ফ্ল্যাটে থাকতেন সোহেল চৌধুরী। তাদের গ্রামের বাড়ী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়নে।
চার ভাইয়ের মধ্যে নিহত সোহেল ছিল সবার বড় আর হত্যার অভিযোগে পলাতক রায়হান সবার ছোট। মেঝ ভাই কয়েক বছর আগে মারা যান এবং অন্যজন আমেরিকায় পড়ালেখা করছেন। নিহত সোহেল একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও তিন বছরের এক কন্যা সন্তানে জনক।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, নগরীর কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছোটভাই রায়হান চৌধুরীকে সকালে কলেজে যাওয়ার জন্য ঘুম থেকে ডেকে তুলতে রায়হানের ঘরে গিয়েছিলেন বড় ভাই সোহেল। এসময় তিনি রায়হানকে বকাঝকা করেন। একপর্যায়ে ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে সোহেলকে এলোপাতাড়ি কুপিয়ে রায়হান দ্রুত পালিয়ে যায়।
ঘটনাস্থলে থাকা কোতোয়ালী থানার এস আই আহমেদ রাজু বলেন, ‘সকালে পারিবারিক বিরোধে জেরে ছোট ভাই রায়হান চৌধুরী তার বড় ভাই সোহেল চৌধুরীকে (৩৫) ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ছুরিকাঘাতের ফলে সোহেলের মাথার মগজ বের হয়ে যায়। ঘটনাস্থল থেকে দুটি ছোরা, একটি ট্যাব ও কিছু খাতা উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর থেকে ঘাতক রায়হান পলাতক রয়েছে। আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।’
কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি, ছোটভাই রায়হান চৌধুরী মানসিকভাবে অসুস্থ ছিল। সব সময় মনমরা হয়ে একা নিজ কক্ষে সময় কাটাত। পড়ালেখায়ও তেমন মনযোগি ছিলনা। এজন্য বড় ভাই হিসেবে সোহেল তাকে বকাঝকা করতেন। হয়তো সেকারণে তার ওপর ক্ষিপ্ত হয়ে সকালে কলেজে যাওয়ার জন্য ডাকতে যাওয়া ছুরিকাঘাত করে সোহলেকে খুন করেছে। খুনের পর থেকে সে পলাতক রয়েছে, তাকে আটকে অভিযান চলছে। তাকে আটক করা গেলে হত্যার মোটিভ সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব হবে।’

