লক্ষ্মীপুর প্রতিনিধি : জেলার রায়পুরে রিফা আক্তার (১৩) নামে এক জেডেসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ১১টার দিকে পৌর শহরের টিসি সড়ক এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রিফা উপজেলার চরআবাবিল ইউনিয়নের রিপন হোসেনের মেয়ে ও পৌর শহরের হালিমা দাখিল মহিলা মাদরাসার ৮ম শ্রেণীর ছাত্রী ছিল। আজ সকালে তার জেডেসি বাংলা ১ম পত্রের পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।
নিহতের মা আয়েশা বেগম জানান, ‘মেয়ের পড়া লেখার জন্য নিজ গ্রাম ছেড়ে শহরে এসে অন্যের বাড়িত কাজ করেন তিনি। সকালে রিফাকে নাস্তা দিয়ে পার্শ্ববর্তী বাড়িতে কাজ করতে চলে যান। কিছুক্ষণ পরে এসে দেখেন ঘরের আড়ার সঙ্গে রিফা ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কারো সঙ্গে তাদের বিরোধ ছিলনা বলেও জানান তিনি।
হালিমা দাখিল মহিলা মাদরাসা সুপার মাওলানা মিজানুর রহমান বলেন, ‘রিফা ছাত্রী হিসেবে খুবই ভালো ছিলো। মাদরাসায় কারো সঙ্গে তার কোনো বিরোধ ছিলোনা। তার আত্মহত্যার বিষয়টি খুবই দুঃখজনক।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, রিফার লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্ত করার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

