নিজস্ব প্রতিবেদক : পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে তাজুদ খাঁ (২৪) নামে এক আসামি পালিয়ে গেছে।
শনিবার সকালের দিকে এ ঘটনা ঘটে। আসামি তাজুদ নেত্রকোনা জেলার আটপাড়া এলাকার রফিক খাঁর ছেলে।
রাজাবাগ পুলিশ লাইনের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিরঞ্জন বলেন, ‘নেত্রকোনা থানা থেকে অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য ৮ অক্টোবর ঢাকা মেডিকেলে আনা হয় তাজুদ খাঁকে। তাকে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। তাকে পাহারা দেয়ার জন্য আমাদের উপর দায়িত্ব পড়ে। আমরা যথারীতি পাহারাও দিচ্ছিলাম।’
তিনি বলেন, ‘সকালের দিকে আসামি তাজুদ বাথরুমে যাওয়ার কথা বললে আমরা তাকে নিয়ে যাই। এরপর তিনি বাথরুমের ভেতর যান। কিন্তু অনেক সময় পরও বের না হওয়ায় তাকে খুঁজতে থাকি। কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।’

