নিজস্ব প্রতিবেদক : জয়দেবপুর এলাকা থেকে অপহৃত হওয়া সুরমা (২) নামের এক শিশুকে রাজধানীর গেন্ডারিয়া এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব।
বৃহস্পতিবার ভোরে শিশুটিকে উদ্ধার করে র্যাব-১ এর একটি দল। র্যাব-১ এর এএসপি মোহাম্মদ নাজমুল হাসান রাজীব এ তথ্যটি নিশ্চিত করেন।
তিনি জানান, শিশুটির পিতা শফিকুল ইসলাম ৭ অক্টোবর র্যাব-১ এ অভিযোগ করেন যে, তার ২ বছর বয়সী মেয়ে সুরমাকে জনৈক মোকছেদ সাগর ৬ অক্টোবর সন্ধ্যার দিকে জয়দেবপুরের হোতাপাড়া এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায়। এই অভিযোগের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল তদন্ত এবং অপহৃত শিশুকে উদ্ধারের জন্য কার্যক্রম শুরু করে।
এক পর্যায়ে মোবাইলের সূত্র ধরে জানা যায় যে, অপহরণকারী গেন্ডারিয়া এবং তার পার্শ্ববর্তী খেজুরবাগ এলাকায় অবস্থান করছে। পরবর্তীতে বৃহস্পতিবার দিবাগত রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে গেন্ডারিয়া কবরস্থান সংলগ্ন শাহেদ হোসেনের বাড়ীর ভাড়াটিয়া সুমির বাসা থেকে অপহৃত শিশু সুরমাকে উদ্ধার করা হয়।
নাজমুল হাসান আরো জানান, অভিযানে র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী মোকছেদ সাগর পালিয়ে যান। অহরণকারীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত শিশুকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

