কুড়িগ্রাম প্রতিনিধি : জেলার ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি সীমান্তে বিএসএফের গুলিতে ২ গরু ব্যবসায়ী আহত হয়েছেন।
বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে নুর ইসলাম ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মকবুল হোসেনের ছেলে এবং জাকির হোসেন ভারতীয় নাগরিক। তার বাড়ি ভারতের দিনহাটার চৌধুরীহাট গ্রামে।
বিজিবি জানায়, রাত ১০টার দিকে পাথরডুবি সীমান্তের ৯৬৪নং পিলারের কাছে দিয়ে গরু ব্যবসায়ী নুর ইসলাম (৩৬) ও জাকির হোসেন (৩৫) গরু আনতে যায়। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে তারা গুলিবিদ্ধ হয়।
পরে বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্ততি চলছে।

