গাজীপুর প্রতিনিধি : জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার সকালে চারজন নিহত ও আরো কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টা, সোয়া ৬টা ও সকাল সাড়ে ৭টার দিকে এ পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সদর উপজেলার লুটিয়ারচালা গ্রামের জ্ঞান মোহন বর্মনের ছেলে রাজেন্দ্র বর্মনের (৪৫) পরিচয় পাওয়া গেলেও অপর তিন জনের পরিচয় জানা যায়নি।
গোড়াই হাইওয়ে ওসি হুমায়ুন কবির জানান, সকাল সোয়া ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতগামী কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক বাসযাত্রী নিহত এবং অপরজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। এ সময় কমপক্ষে বাসের আরো ৫ জন যাত্রী। হতাহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
অপরদিকে, মাওনা হাইওয়ে থানার ওসি মো. হেলালুল ইসলাম জানান, একইদিন ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের ভবানীপুরে গাজীপুরগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের (আইল্যান্ড) ওপর উঠে যায়। এতে বাসটি কাত হয়ে চাপা পড়ে বাসের হেলপার (৩০) নিহত হন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে একই মহাসড়কের একই স্থানে রাস্তা পার হওয়ার সময় মাওনাগামী শ্রমিক বহনকারী বাসের চাপায় রাজেন্দ্র বর্মন (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। নিহতের লাশ আবেদনের প্রেক্ষিতে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাস আটক হলেও চালক পলাতক রয়েছে।

