নিজস্ব প্রতিবেদক : অতিরিক্ত ভাড়া আদায়, ভাড়ার তালিকা বাসে সংরক্ষণ না করা, অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স এবং ফিটনেসবিহীন গাড়ি চালানোর অভিযোগে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৫৪টি মামলাসহ ৬৪ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার দুপুরে ঢাকা মহানগরীতে বিআরটিএ’র তিনটি ভ্রাম্যমাণ আদালত নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই মামলা ও জরিমানা করে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএ’র মনিটরিং টিম ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম এবং সড়ক নিরাপত্তা বিষয়ক বিশেষ ক্যাম্পেইন পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, ‘নিয়মানুযায়ী প্রতিটি বাস-মিনিবাসে ভাড়ার তালিকা দৃশ্যমানভাবে ঝুলিয়ে রাখতে হবে। সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়কারী পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুনঃনির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া কোনোভাবেই আদায় করা যাবে না।’ তিনি এ বিষয়ে পরিবহন মালিকদের সহযোগিতাও কামনা করেন।
উল্লেখ্য, সম্প্রতি গ্যাসের দাম বৃদ্ধিতে সিএনজি চালিত বাস-মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণ করে বিআরটিএ। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস-মিনিবাসের ভাড়া প্রতি যাত্রী প্রতি কিলোমিটারে নির্ধারণ করা হয় যথাক্রমে ১ টাকা ৭০ পয়সা এবং ১ টাকা ৬০ পয়সা। এছাড়া সর্বনিম্ন ভাড়া ৭ টাকা ও ৫ টাকা অপরিবর্তিত রাখা হয়।

