কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের আচারবনিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ইমাম হোসেন (২২) সাবরাং ইউনিয়নের আচারবনিয়া এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে।
বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল হান্নান খান জানিয়েছেন, সাবরাং বিওপিতে কর্মরত হাবিলদার মো. আলাউদ্দিনের নেতৃত্বে একটি টহলদল আচারবনিয়া লবণ মাঠ এলাকায় এ অভিযান চালায়। অভিযানে ৯০ লাখ টাকা মূল্যমানের ৩০ হাজার ইয়াবা সহ ইমাম হোসেনকে আটক করা হয়। এ ব্যাপারে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আটক যুবককে থানায় সোপর্দ করা হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, সংশ্লিষ্ট মামলায় ইমাম হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

