বরিশাল প্রতিনিধি : নগরীর কাউনিয়া থেকে জাল নোটসহ নাজমা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে কাউনিয়ার তালুকদার বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
নাজমা বেগম পিরোজপুর জেলা সদরের বাসিন্দা শহীদ হাওলাদারের মেয়ে।
বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছুর রহমান জানান, তালুকদার বাড়ি এলাকার একটি দোকান থেকে মালামাল ক্রয় শেষে নাজমা বেগম ৫শ টাকার একটি জাল নোট দেয়। এ সময় তাকে আটক করে শরীরে তল্লাশি চালালে আরও ৩ হাজার টাকা মূল্যের জাল নোট পাওয়া যায়। স্থানীয়রা বিষয়টি কাউনিয়া থানা পুলিশকে জানালে ওই নারীকে আটক করা হয়।
এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

