নিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদের উত্থানের কথা প্রচারের মাধ্যমে আওয়ামী লীগ ও তাদের সহযোগি শক্তিগুলো দেশকে বন্ধুহীন করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ।
দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এক যৌথ বিবৃতিতে বলেন, সরকারের উচ্চপদস্থরা নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য অতিমাত্রায় জঙ্গি জঙ্গি শব্দটি উচ্চারণ এবং জঙ্গি কর্মকা- দমনের নাম দিয়ে অতিমাত্রায় প্রচারণার ফলে আজ বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এর নেতিবাচক প্রভাব সারাবিশ্বের বাংলাদেশিরা ভোগ করছে।
সোমবার দুপুরে দলটির দপ্তর সম্পাদক মো. নুরুল আমান চৌধুরী স্বাক্ষরিত এই বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়।
নেতৃদ্বয় বলেন, ‘তাদের অপপ্রচারের ফলেই ভীত হয়ে অষ্ট্রেলিয়ার ক্রিকেট দল বাংলাদেশে খেলতে আসতে অস্বীকৃতি জানাচ্ছে। বিরোধী রাজনৈতিক শক্তিকে ধ্বংস করতে গিয়ে জঙ্গিবাদের কল্পকাহিনী তৈরি আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করতে গিয়ে দেশের ভাবমূর্তি ধ্বংস করে দিচ্ছে।’
‘বাংলাদেশ জঙ্গি উপদ্রুত এলাকা নয়’ উল্লেখ করে বিবৃতিতে তারা বলেন, রাজধানীতে একজন বিদেশি নাগরিক হত্যাকা-ের পর মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা তাদের দেশের নাগরিকদের বাংলাদেশে সতর্কতার সঙ্গে চলাফেরা করার জন্য নির্দেশ দিয়েছেন। এই নির্দেশনা বাংলাদেশের মর্যাদা ভূলুণ্ঠিত করেছে এবং রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করেছে। আওয়ামী সরকারের বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার অপকৌশলের খেসারত আজ দেশবাসীকে দিতে হচ্ছে। এ ঘটনা সরকারের রাষ্ট্র পরিচালনার ব্যর্থতার কথাই প্রমানিত হচ্ছে।
গণতন্ত্র ও আইনের শাসন ধ্বংস করে ক্ষমতাসীনরা তাদের ‘অবৈধ ক্ষমতাকে’ চিরস্থায়ী করতে গিয়ে জনগণের কাঁধে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তারা।

