নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে রাজধানী ঢাকাবাসীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।
বুধবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিকদের সামনে একথা বলেন সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শেখ হাসিনা আগামী ৩ অক্টোবর দেশে ফিরছেন। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কে তাকে গণসংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে দলটি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে অংশ নিতে যাওয়া শেখ হাসিনা আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে পুরস্কার পাওয়ায় তাকে সম্মাননা জানাতে এ সংবর্ধনার পরিকল্পনা করা হয়েছে। সংবর্ধনা সফল করার লক্ষ্যে বুধবার সকালে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের সঙ্গে এক যৌথ সভার আয়োজন করে দলটি।
সভা শেষে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনারা আসুন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান; সেদিন ঢাকার রাজপথে শরিক হয়ে।’
নাসিম আরো বলেন, ‘মঙ্গলবার থেকে আমাদের প্রস্তুতি সভার কাজ শুরু হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক ভূমিকা রাখায় তাকে জাতিসংঘে পুরস্কৃত করা হয়েছে, সম্মানিত করা হয়েছে। আগামী ৩ অক্টোবর শেখ হাসিনা দেশে পৌঁছানোর পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তায় সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন জানাবো। শুধু আওয়ামী লীগ নয়, বঙ্গবন্ধুর কর্মীরা নয়, সমস্ত দেশবাসী ও ঢাকাবাসী সেদিন আন্তরিকভাবে অভিনন্দন জানাবো।’
তিনি বলেন, ‘সেদিন বেলা দেড়টায় প্রধানমন্ত্রী বিমানবন্দরে নামবেন। রাস্তার দু’পাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে জনতা তাকে অভিনন্দন জানাবে। কারণ, শেখ হাসিনা বাংলার মাটিতে আসছেন বিজয়ীর বেশে, ধরিত্রী কন্যা হিসেবে, শান্তির দূত হিসেবে।’
প্রসঙ্গত, গত রোববার জাতিসংঘের পরিবেশ-বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার গ্রহণ করেন শেখ হাসিনা। এছাড়াও ডিজিটাল বাংলাদেশ নির্মাণে যুগান্তকারী উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে আইসিটি পুরস্কার দেওয়া হয়।
আওয়ামী লীগের সভাপতিম-লির সদস্য মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সম্পাদকম-লীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান সিরাজ, আব্দুস সাত্তার, আফজাল হোসেন, ফজিলাতুন নেসা ইন্দিরা, অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার, সাধারণ সম্পাদক অপু উকিল, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, এস এম জাকির হোসাইন, সাবেক সভাপিত এইচ এম বদিউজ্জামান সোহাগ।

