নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে মুক্তিযোদ্ধামন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘খালেদা জিয়া তার ছেলে তারেক জিয়ার সঙ্গে দেখা করতে যাননি। তিনি লন্ডনে গেছেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে।’
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ান অব দ্যা আর্থ’ পুরস্কারে ভূষিত হওয়ায় অভিনন্দন জানিয়ে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘খালেদা জিয়া লন্ডনে তার ছেলে তারেক জিয়ার সঙ্গে দেখা করতে যাননি। তিনি গেছেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে। কীভাবে দেশের নির্বাচিত সরকারকে উৎখাত করা যায়। তিনি লন্ডন থেকে ফিরে এসে দেশে আবারও জঙ্গিবাদ সৃষ্টি করে অস্থিতিশীল করার চেষ্টা করবে।’
মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৪০ বছরেও দেশের কোনো রাষ্ট্রনায়ক এতোগুলো পুরস্কার লাভ করতে পারেনি। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচটি পুরস্কার লাভ করেছেন। খালেদা জিয়া রাষ্ট্রপরিচালনার সময় তিনি দুর্নীতিতে চ্যাম্পিায়ান ছাড়া কোনো পুরস্কার লাভ করতে পারেননি। তাই খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসব পুরস্কার সহ্য করতে পারছেন না। শোনা যাচ্ছে, খালেদা জিয়া আবারও গত ৫ জানুয়ারির মতো দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে।’ এর বিরুদ্ধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তিনি দেশের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, ‘বাংলাদেশ আজকে রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। কিন্তু যারা স্বাধীনতার বিরোধীতা করেছিল তারা আজও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা ২৯ বছর রাষ্ট্র পরিচালনা করেছে কিন্তু কোনো গৌরব উজ্জ্বল ভূমিকা রাখতে পারেনি। কারণ, তারা দেশকে ভালোবাসে না।’
সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে আরো বক্তব্য দেন- সংগঠনের ঢাকা বিভাগীয় শাখার যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী, আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক এমএ করিম, মিনহাজ উদ্দিন মিন্টু, নাট্য ও চিত্রপরিচালক আনোয়ার হোসেন মজনু, অভিনেত্রী পারুল আক্তার লোপা, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের একাংশের সভাপতি ফাতেমা জলিল সাথী, সংগঠনের নেতা দিলীপ সরকার, বিদ্যুৎ সরকার প্রমুখ।

