ঢাকাWednesday , 23 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেত্রী দেশের বাইরে তাই আ.লীগ নেতাদের ঈদ গ্রামে

Link Copied!

pmনিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে যাবেন নিজ নির্বাচনী এলাকায়। তবে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল নিউইয়র্কে ঈদুল আজহা উদযাপন করবেন। ২৫ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেয়ার জন্য ইতোমধ্যে তিনি ঢাকা ছেড়েছেন। যদিও শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর প্রতিবার তার সরকারি বাসভবন গণভবনেই ঈদ উদযাপন করেন। পাশাপাশি তিনি রাজনীতিক, কূটনৈতিক, সাংবাদিক, অ্যাডভোকেট, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কাউন্সিল ডিসেম্বরে হওয়ার কথা রয়েছে। তাই তৃণমূলের আশির্বাদসহ সমর্থন নিতে নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকায় যাবেন। তবে দেশে থাকছেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি ইতোমধ্যে লন্ডনে গেছেন পরিবারের সঙ্গে ঈদ করতে। ফলে তিনি থাকছেন লন্ডনেই। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সরকারের একাধিক মন্ত্রী এবং আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষনেতা। আর যারা নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করতে পারছেন না তারা আগে বা পরে সময় করে দেখা করবেন এলাকার লোকজনের সঙ্গে।
অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এএইচএম মাহমুদ আলী, প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি থাকছেন। ফলে তাদের ঈদও কাটবে নিউইয়র্কে।
এছাড়াও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন সংসদ সদস্য নাজমুল হাসান, মো. শিরাজুল ইসলাম মোল্লা, মো. নজরুল ইসলাম বাবু, হাজি মোহাম্মদ সেলিম, সুকুমার রঞ্জন ঘোষ, গোলাম দস্তগির গাজী, একেএম শাহজাহান কামাল এবং কামরুল আশরাফ খান। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মিসবাহ উদ্দিন সিরাজ। ফলে তারাও নিউ ইয়র্কেই ঈদ উদযাপন করবেন।
এদিকে আওয়ামী লীগের অন্যতম সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ঈদ করবেন ঢাকায়। তিনি অসুস্থ থাকায় এবার তার নির্বাচনী এলাকা ফরিদপুরে যাচ্ছেন না। তবে তিনি ঈদের পর এলাকায় যাবেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ঈদ করবেন ঢাকায়। তার নির্বাচনী এলাকা ঝালকাঠির লোকজনের সঙ্গে ঈদের আগাম শুভেচ্ছা বিনিময় করবেন। আর আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ঈদ করবেন তার নির্বাচনী এলাকা ভোলায়। ক্ষমতাসীন এ দলটির অন্যতম সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ঈদে থাকছেন ঢাকায়। তিনি ঈদের আগেই নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে দেখা করে এসেছেন।
আরেক সভাপতি মণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জে ঈদ করবেন। ইতোমধ্যে তিনি সিরাজগঞ্জে চলে গেছেন। সভাপতি মণ্ডলীর সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অবশ্য ঈদ করবেন ঢাকায়। ঈদের পরে তিনি নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানিগঞ্জে যাবেন। এছাড়াও আরেক সভাপতি মণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন ঈদে ঢাকায় থাকছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একমাত্র মেয়ের সঙ্গে ঈদ উদযাপন করবেন সভাপতি মণ্ডলীর আরেক সদস্য ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ঈদের নামাজ পড়বেন নিজ নির্বাচনী এলাকা কুষ্টিয়ার কেন্দ্রীয় ঈদগাহে। আরেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ঈদ করবেন নিজ নির্বাচনী এলাকা ঢাকায়।
আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর মধ্যে কৃষি বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক টাঙ্গাইলে ঈদ উদযাপন করবেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান ঈদে ঢাকায় থাকছেন। অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আ হ ম মুস্তাফা কামাল সরকারি কাজে ইংল্যান্ড রয়েছেন। নিজ নির্বাচনী এলাকা নীলফামারিতে থাকছেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর। ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী থাকছেন ঢাকায়। সাংগঠনিক সম্পাদকদের মধ্যে আহমেদ হোসেনও ঈদ উদযাপন করছেন ঢাকায়। তিনি ধানমণ্ডির তাকওয়া মসজিদে ঈদের নামাজ পড়বেন। বিএম মোজাম্মেল হক শরীয়তপুরের নিজ নির্বাচনী এলাকায় ঈদের নামাজ পড়বেন। খালিদ মাহমুদ চৌধুরী পরিবারের সঙ্গে লন্ডনে ঈদ উদযাপন করবেন। সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাটের নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করবেন।