নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে শাহ আলী থানা এলাকায় পৃথক ঘটনায় অস্ত্র, গুলি ও জাল স্ট্যাম্পসহ পাঁচজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
শুক্রবার রাতে তাদের আটক করা হয়। আটক পাঁচজনের মধ্যে ২ জন অস্ত্র ব্যবসায়ী বলে জানানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পিআর) জাহাঙ্গীর আলম সরকার জানান, গতকাল (শুক্রবার) রাতে অভিযান চালিয়ে মিরপুর শাহআলী থানা এলাকা থেকে আসাদুজ্জামান রিপন ওরফে সম্রাট রিপন ও হযরত আলী নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১টি শুটার গান, ১টি পিস্তল, ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে এক ব্রিফিংয়ে মহানগর গোয়েন্দা পুলিশের কমিশনার (ডিবি ডিসি-পশ্চিম) সাজ্জাদুনর রহমান জানান, মিরপুর শাহ আলী থানা এলাকার এক সময়কার শীর্ষ সন্ত্রাসী বেলাল এর সহযোগী ছিলেন আটক হওয়া ব্যক্তিরা। বেলাল নিহত হওয়ার পর তার অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রণ চলে আসে এদের হাতে। এর পর থেকে এলাকায় তারা দীর্ঘদিন ধরে সন্ত্রাস,চাঁদাবাজীসহ নানা অপকর্ম করে যাচ্ছে।
অপরদিকে, একই থানা এলাকায় জাল স্ট্যাম্পসহ আটককৃত ব্যক্তিরা হলেন, আব্দুর রাজ্জাক, রমজান মুন্সী ও মোহাম্মদ সেন্টু ইসলাম ওরফে তসলিম।
ব্রিফিংয়ে সাজাদুর রহমান জানান, আটকদের কাছ থেকে ৮ লাখ ২০ হাজার টাকা মূল্যমানের জাল রেভিনিউ স্ট্যাম্প ও ১০ লাখ ৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। তিনি জানান, এদের মূল হোতা মামুন নামের এক ব্যক্তি। সে পলাতক রয়েছে। আটককৃত ব্যক্তিরা মূলত মামুনের তৈরি জালনোট ও জাল স্ট্যাম্পের বিক্রেতা।

