নিজস্ব প্রতিবেদক : আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যেই সকল কারখানার শ্রমিকদের উৎসব বোনাসসহ প্রতি মাসের বেতন পরিশোধ করার জন্য মালিক পক্ষের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে সংগঠনটি এ দাবি জানায়।
শ্রমিক কর্মচারীদের ৩০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদানের দাবি শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি শ্রমিকদের জীবনকে দুর্বিসহ করে তুলেছে। তাই ঈদের আগেই শ্রমিকদের উৎসব বোনাস পরিশোধ করার জন্য মালিক পক্ষের কাছে দাবি জানাই।
এসময় সংগঠনের সভাপতি গোলাম সাত্তার বলেন, বর্তমান বাজার দর অনুসারে একজন শ্রমিকের মূল মজুরি ১৮ হাজার ৫ শ’ টাকার কম হলে জীবন ধারণ করা সম্ভব নয়। তাই অবিলম্বে তিনি শ্রমিকদের মজুরি ১৮ হাজার ৫ শত টাকা নির্ধারণ করার জন্য কারখানার মালিক ও সরকারের প্রতি জোর দাবি জানান।
তিনি গার্মেন্টসসহ সকল সেক্টরে শ্রমিকদের নূন্যতম মজুরি নির্ধারণের জন্য বোর্ড গঠনের জন্য সরকারের প্রতি দাবি জানান। একই সঙ্গে গোলাম সাত্তার অন্তবর্তী সময়ে শ্রমিকদের জন্য ৩০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান করার জন্যও কারখানার মালিক পক্ষে প্রতি জোর দাবি জানান।
মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম পথিক, শ্রমিক নেতা কবির আহমেদ মজুমদার প্রমুখ।

