খুলনা প্রতিনিধি : পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি-বেতন পরিশোধসহ পাঁচ দফা দাবিতে খুলনায় ‘লাল পতাকা’ মিছিল করেছে পাটকল শ্রমিকরা।
সোমবার বেলা ১১টায় মিছিলটি নগরীর ব্যস্ততম ফেরিঘাট চত্বর থেকে বের হয়ে কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকালে নিজ নিজ মিল গেট থেকে লাল পতাকা হাতে নিয়ে ট্রাকযোগে মিছিল বের করেন শ্রমিকরা। ট্রাক মিছিলটি নগরীর ফেরিঘাট এলাকায় গিয়ে শেষ হয়।
পাট শিল্পকে রক্ষায় প্রয়োজনীয় অর্থ ছাড়, ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট বাস্তবায়ন, পে-কমিশনের মতো মজুরি কমিশন বোর্ড গঠনসহ পাঁচ দফা দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকলের শ্রমিকরা পাঁচ দিনের কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিন সোমবার লাল পতাকা হাতে এ বিক্ষোভ মিছিল করেন।
রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের ডাকা পাঁচ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনের এ মিছিলে অংশ নেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মো. সোহরাব হোসেন, পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক শাহ আলম, পাটকল শ্রমিক নেতা মোল্লা আব্দুর রশিদ, কাওসার আলী মৃধা, খলিলুর রহমান প্রমুখ।

