নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে নাসরিন আক্তার (২৭) নামে এক গৃহবধূকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার গভীর রাতে পলাশ উপজেলার টেঙ্গরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাসরিন আক্তার একই গ্রামের আবদুল জলিলের মেয়ে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রাতের খাবার শেষে প্রতিদিনের ন্যায় নিজ ঘরে একাই ঘুমিয়ে পড়েন নাসরিন। সোমবার সকালে পাশের ঘরে থাকা নিহতের ভাই আল-আমিন ঘুম থেকে জেগে নাসরিনের ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান। এসময় ঘরে গিয়ে রক্তাক্ত অবস্থায় নাসরিনের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। নাসরিন আক্তার ৬ বছর বয়সী এক সন্তানের জননী ছিলেন।
এ ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে আটক ও হত্যার কারণ উদঘাটন করতে পারেনি।

