ঝিনাইদহ প্রতিনিধি : শহরের দক্ষিণ কালিকাপুর এলাকায় ছুটিতে আসা ওবাইদুল ইসলাম (৪৭) নামে এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ওবাইদুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকপুর ইউনিয়নের বাকড়ী গ্রামের মৃত দবির হোসেনের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ওই পুলিশ সদস্যের বাড়ি ও বাড়ির প্রাচীরের মাঝ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে। ওবাইদুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।
নিহত পুলিশ সদস্যের বড় ভাই ছদরুল ইসলাম বলেন, ‘পরিবারের লোকজন তাকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখেছে। তার স্ত্রী শিখা খাতুনের অবৈধ সম্পর্ক ছিল। যে কারণে প্রায় ওদের মাঝে ঝগড়া বিবাদ লেগে থাকতো। শিখা খাতুন ও তার পরকীয়া প্রেমিক যোগসাজস করে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।’
উল্লেখ্য, ওবাইদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার সদর থানায় কর্মরত ছিলেন। গত ২ আগস্ট তিনি ছুটি নিয়ে বাড়িতে আসেন।

