কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে খালের পানিতে গোসল করতে নেমে দুই সহোদরের মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া খালে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু দুটি হলো মহিউদ্দিন (১০) ও তার ছোট ভাই ইরফান উদ্দিন (৭)। তারা শাহপরীর দ্বীপ ডাঙ্গরপাড়ার বাসিন্দা মনির উল্লাহ ছেলে। মহিউদ্দিন ডাঙ্গরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে ও ইরফান উদ্দিন ডাঙ্গরপাড়া নূরানি মাদ্রাসায় পড়ত।
পরিবার ও এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো মনির উল্লাহ মাছ শিকার করতে সাগরে যায়। সকালে তার দুই ছেলে ঘুম থেকে উঠে ঘরে বাবাকে দেখতে না পেয়ে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সমুদ্রসৈকতে গিয়ে বাবার সঙ্গে দেখা করে। ওই সময় তাদের বাবা নৌকা থেকে মাছ খালাস করছিল এবং তাদের বাড়ি চলে যেতে বলে। বাড়ি ফেরার সময় বেলা ১১টার দিকে মহিউদ্দিন ও ইরফানসহ এলাকার ছয়-সাতজন শিশু মিলে পশ্চিমপাড়া খালে গোসল করতে নামে। কিছুক্ষণ পর অন্যরা উঠে এলেও দুজন পানিতে ডুবে যায়। অন্য শিশুরা কিছুক্ষণ তাদের উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়ে পরিবারকে বিষয়টি জানায়। পরে গ্রামের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
ডাঙ্গরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ উল্লাহ জানান, খালে ডুবে মারা যাওয়া দুই শিশুর মধ্যে মহিউদ্দিন তাদের বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। অপরজন মহিউদ্দিনের ছোট ভাই ইরফান উদ্দিন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, দুপুরের দিকে সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

